আশাশুনি উপজেলাতে ফ্যামিলি কার্ড বিতরণ ঘিরে তোলপাড়
- আপডেট সময় : 11:46:30 pm, Thursday, 26 February 2026 266 300 বার পড়া হয়েছে

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কে এম রকিবুজ্জামানের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড বিতরণকে কেন্দ্র করে অনিয়ম ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আগাম প্রস্তুতির ইঙ্গিত দেওয়া হয়। এ সংক্রান্ত একটি অডিও ফোনালাপ সামাজিকভাবে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে, যেখানে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে ফ্যামিলি কার্ডের বিষয়ে প্রস্তুতির কথা বলতে শোনা যায়। তবে অডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগ ওঠার পর অভিযুক্ত ইউপি সদস্য দাবি করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তিনি জানান, ভিজিএফ তালিকা প্রণয়নের স্বাভাবিক প্রক্রিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
এদিকে একাধিক ওয়ার্ডবাসীর মতে, ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন, যাতে প্রকৃত উপকারভোগীরা সুবিধা পান এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা জানানো হবে।





























