আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়ি আটক
- আপডেট সময় : 05:41:41 pm, Tuesday, 20 January 2026 293 300 বার পড়া হয়েছে

ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা:সাতক্ষীরার আশাশুনি থানার পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের মো. আশরাফুলের চায়ের দোকানের ভেতর জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতরা হলেন—
১. প্রশান্ত সরকার (৫৬), পিতা-মৃত কৃষ্ণপদ সরকার, সাং-বৈকরঝুটি
২. মানিক সরকার (৪৬), পিতা-মৃত কোমল কৃষ্ণ সরকার
৩. আবু হাসান গাজী (৪২), পিতা-ফজর আলী গাজী
৪. সেলিম রেজা (৩২), পিতা-আবদুল গফুর সরদার
(সর্বশেষ চারজন সাং-বৈকরঝুটি)
৫. মুজিবর সরদার (৫৬), পিতা-মৃত সোহেল উদ্দিন সরদার
৬. আকবর আলী (৪৭), পিতা-মৃত জামাল উদ্দিন সরদার
(উভয়ের সাং-শোভনালী)
এ সময় জুয়ার আসর থেকে পালিয়ে যায় মো. আশরাফুল (৪০), স্বপন সরকার, ষষ্ঠীরাম সরকার, হাকিম সরদারসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন।
পুলিশ জুয়ার আসর থেকে ৫২ পিস বিভিন্ন রঙের তাস এবং নগদ ১ হাজার ৬০ টাকা উদ্ধার ও জব্দ করে।
আশাশুনি থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) দীপ্তিষ ঢালীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চাঁপড়া ব্রিজ এলাকায় অবস্থানকালে খবর পায় যে, শোভনালী গ্রামের মো. আশরাফুলের চায়ের দোকানে টাকা দিয়ে তাস খেলা চলছে। খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। পালানোর চেষ্টাকালে দোকানের ভেতর থেকে ৬ জনকে আটক করা হয়।
শোভনালী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘের ব্যবসায়ী অভিযোগ করে বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছে, যা পরিবেশ ও যুবসমাজের জন্য ক্ষতিকর। তারা জুয়ার আসর বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধৃত ও পলাতকসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মামলার সাধারণ ডায়েরি নম্বর-১০৪৫।
























