আশাশুনিতে পাউবো বাঁধের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : 04:51:40 pm, Wednesday, 3 September 2025 275 300 বার পড়া হয়েছে

আশাশুনি (সাতক্ষীরা) :সাতক্ষীরার আশাশুনি উপজেলার পাইথালী গ্রামের বিজন দে (৬২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে চুমুরিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাইথালী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি বিজন দে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার ভোরে পথচারীরা চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের ঢালে একটি মৎস্য ঘেরের পাশে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে আশাশুনি থানা পুলিশ ও বুধহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের পরনে ছিল নীল রঙের হাফ প্যান্ট ও লাল রঙের গেঞ্জি। তার দুই পায়ে ক্ষতচিহ্ন ছিল এবং সেখান থেকে রক্ত ঝরছিল।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল আরেফিন জানান, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





























