আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক
- আপডেট সময় : 11:52:47 pm, Monday, 20 April 2026 113 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সোমবার (২০ এপ্রিল) বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষিকারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়াদির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) এর বর্তমান অবস্থা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্নের অগ্রগতি নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও স্থানীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসকের এ সফরকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বিদ্যালয়ের উন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন।


























