আজকের পরিবেশ সুরক্ষাই আগামীর নিরাপত্তা’— সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় বক্তারা
- আপডেট সময় : 07:20:14 pm, Thursday, 9 July 2026 133 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৌমেন মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আজকের পরিবেশ সুরক্ষার উদ্যোগই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাওসার মো. আব্দুল ওয়াহেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বিএনপি নেতা আব্দুর রউফ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রকৃতি ও পরিবেশবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন।
























