ধুলিহরে খালের বালি উত্তোলনে ভাঙন ও ধ্বসের আশঙ্কা
- আপডেট সময় : 09:41:28 pm, Thursday, 11 September 2025 291 300 বার পড়া হয়েছে

কৃষিজমি রক্ষায় জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ দাবি
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর এলাকায় খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে ভাঙন ও ধ্বসের আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষিজমি, বসতবাড়ি ও পরিবেশ হুমকির মুখে পড়েছে। ক্ষুব্ধ কৃষকরা জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা জানান, কোমরপুর পাড়ুইপাড়া হিমসাগরের বাড়ির সামনে থেকে জলিলের দোকান পর্যন্ত পিচের রাস্তা সংস্কারের কাজে হাজিখালি বিলের খাল থেকে কাদা-বালি তোলা হচ্ছে। এ কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জড়িত বলে অভিযোগ উঠেছে।
গত বছরও একই খাল থেকে বালি তোলার কারণে জমিতে ভাঙন সৃষ্টি হয়েছিল। এলাকাবাসীর আপত্তি ও অভিযোগ সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এবছর আবারও একইভাবে খাল কেটে বালি তোলায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সমাজসেবক জাহাঙ্গীর হোসেন বলেন, “গত বছর খাল কাটার পর পাশের জমি ভেঙে গিয়েছিল। এবছরও একই অবস্থা হবে। প্রশাসনকে জানালেও কোনো ফল হয়নি।”
সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, “এলজিইডির কাজের নামে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। এতে খাল যেমন ধ্বংস হবে, তেমনি কৃষিজমিও ধ্বংস হয়ে যাবে। কৃষকরা আরও বিপদের মুখে পড়বেন।”
অন্যদিকে ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু দাবি করেছেন, স্থানীয় উন্নয়ন কাজের প্রয়োজনে খাল থেকেই বালি তোলা হচ্ছে।
এ অবস্থায় এলাকাবাসী বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে খালের আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও গাছপালা ধসে পড়বে। তারা অবৈধ বালি উত্তোলন বন্ধে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ কামনা করেছেন।।


























