সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ অনুষ্ঠিত
- আপডেট সময় : 05:31:40 pm, Thursday, 18 June 2026 159 300 বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা:সাতক্ষীরায় মানবাধিকার কর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়ন’ শীর্ষক সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং স্থানীয় উন্নয়ন সংস্থা স্বদেশ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।
কর্মশালায় মূল প্রবন্ধ ও বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সমন্বয়ক মো. রোকনুজ্জামান এবং দেশ টিভির সিনিয়র সাংবাদিক কায়সার সুমন। অনুষ্ঠানে সংলাপের মডারেটরের দায়িত্ব পালন করেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত।
বক্তারা বলেন, দেশে মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা প্রতিনিয়ত নানা ঝুঁকি ও প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষায় নিয়োজিত কর্মীরা নানামুখী নিরাপত্তাহীনতার সম্মুখীন হন। এ বাস্তবতায় তাদের পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে একটি পৃথক ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন’ প্রণয়ন সময়ের দাবি। তারা রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত উদ্যোগে আইনটির খসড়া দ্রুত চূড়ান্ত করে বাস্তবায়নের আহ্বান জানান।
দিনব্যাপী কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জেলা প্রবেশন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মশিদুল হক, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) রিদিশা রঙান, সাতক্ষীরা সদর হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন এবং দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এস. এম. বিপ্লব হোসেন।
আনুষ্ঠানিক আলোচনা শেষে অনুষ্ঠিত মুক্ত সংলাপে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা অংশ নেন। তারা মাঠপর্যায়ে মানবাধিকার রক্ষায় কাজ করতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ, অভিজ্ঞতা এবং আইনি সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে নিজ নিজ মতামত ব্যক্ত করেন।
























