নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য খাদ্য প্রতিষ্ঠান পানসি রেস্তোরাঁ গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় ‘সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, সংবাদে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে—যেমন রোগাক্রান্ত গরু বা মুরগির মাংস ব্যবহারের বিষয়—সেগুলোর কোনো প্রমাণ, ভিডিও ডকুমেন্ট, ল্যাব টেস্ট রিপোর্ট বা দাপ্তরিক তথ্য পত্রিকায় উপস্থাপন করা হয়নি। বরং এটি সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক এবং ব্যক্তিগত আক্রোশ ও ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার ফল।
বিবৃতিতে আরও বলা হয়, পানসি রেস্তোরাঁ দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করে আসছে এবং এর সকল কার্যক্রম সরকারি স্বাস্থ্যবিধি ও মানসম্মত উৎস অনুসারে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি জনসাধারণ ও প্রশাসনের যেকোনো তদারকির জন্য স্বচ্ছভাবে উন্মুক্ত।
কর্তৃপক্ষের বক্তব্যে উল্লেখ আছে, সংবাদ প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি সামাজিকভাবে অপদস্থ করা এবং প্রশাসনের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে এবং মিথ্যা তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ অন্যান্য প্রযোজ্য আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
পানসি রেস্তোরাঁ কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহক ও সাধারণ জনগণকে অনুরোধ করেছে, এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট খবরে বিভ্রান্ত না হতে
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ