অভিযুক্ত মাহমুদুল হাসান হাসপাতালের প্রধান হিসাবরক্ষকের ভাগ্নে বলে অভিযোগ
হাফিজুর রহমান, সাতক্ষীরা :১৭ নভেম্বর ২০২৬
সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল হাসান (২৪) নামে এক আউটসোর্সিং কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল চত্বর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাহমুদুল হাসান সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এলাকার বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ নভেম্বর) ওই গৃহবধূ চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকটি পরীক্ষা করানোর জন্য দুপুর ১২টার পর প্যাথলজি বিভাগে গেলে তাঁকে জানানো হয়, ওই দিন আর পরীক্ষা করা সম্ভব নয়। এ সময় প্যাথলজি বিভাগে দায়িত্বে থাকা আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পরীক্ষার নমুনা নিয়ে আসার পর প্যাথলজি বিভাগের একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন মাহমুদুল হাসান বলে অভিযোগ করা হয়েছে। পরে বাড়িতে ফিরে ওই নারী তাঁর স্বামীকে ঘটনাটি জানান। মঙ্গলবার দুপুরে স্বামীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে এক গৃহবধূ মামলা করেছেন। মামলার এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারীর প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য পুলিশি নিরাপত্তায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে অভিযুক্ত মাহমুদুল হাসানের সঙ্গে সাতক্ষীরা সদর হাসপাতালের প্রধান হিসাবরক্ষক (বড়বাবু) আশিক নেওয়াজের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তিনি আশিক নেওয়াজের আপন ভাগ্নে বলে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে। আউটসোর্সিং কর্মী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল বলে জানা গেছে। এমনকি আউটসোর্সিংয়ের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তাঁকে হাসপাতালে কর্মরত রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন রোগীর নিরাপত্তা ও হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ছবির ক্যাপশন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার সাতক্ষীরা সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ