সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার গৃহবধূ ইনা পারভীন চন্দনা (৩৫) গুমের মামলার প্রধান আসামি তার স্বামী রবিউল ইসলাম রবি ওরফে ‘ভেন্ডার রবি’কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাকে আটক করে। পরে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৃহবধূ চন্দনা সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার নিজ বাড়ি থেকে প্রায় দুই মাস ২২ দিন আগে নিখোঁজ হন। তিনি রবিউল ইসলাম রবির দ্বিতীয় স্ত্রী এবং তালা উপজেলার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের মেয়ে।
চন্দনার নিখোঁজের পর তার বাবা মহিউদ্দীন শেখ সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, চন্দনাকে তার স্বামী রবিউল ইসলাম রবি গুম করে থাকতে পারেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, চন্দনা নিখোঁজ হওয়ার পর বিষয়টি থেকে নিজেকে রক্ষা করতে রবিউল ইসলাম রবি উল্টো চন্দনা ও তার বাবা মহিউদ্দীন শেখের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। ওই মামলার কারণে চন্দনার বাবা থানায় মামলা করতে না পেরে পরবর্তীতে সাতক্ষীরা আদালতে অভিযোগ দায়ের করেন।
আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলা নথিভুক্ত এবং আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। সেই নির্দেশের ভিত্তিতে রবিউল ইসলাম রবিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “আদালতের নির্দেশে গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি রবিউল ইসলাম রবিকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে চন্দনা গুমের ঘটনায় তার স্বামী রবিউল ইসলাম রবি জড়িত কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।”
তবে চন্দনা বর্তমানে কোথায় রয়েছেন বা তার সঙ্গে কী ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ