হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধিঃ ব্যক্তিগত স্বামী-স্ত্রীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি ৫০ হাজার টাকা আদায় করার অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি মামলায় চাঁদাবাজ কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। আব্দুল্লাহ আল মামুন (২৬) দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। তিনি চণ্ডীপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক করিমউল্লাহ মাস্টারের ছেলে।
সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, গত ১ নভেম্বর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে সাহেব আলী সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলাটি করেন। ওই মামলায় গত বুধবার নিজ বাড়ি থেকে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত ল্যাপটপের সঙ্গে দুই হাজার জিবি ধারণক্ষমতার একটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
মামলায় সোমবার আসামিপক্ষের আইনজীবী এ বি এম আনিছুজ্জামান জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন উপপরিদর্শক (সিএসআই) মাজাহারুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কারণে প্রায় সাত মাস আগে স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীকে তালাক দেন আলমগীর হোসেন। পরবর্তী সময়ে ওই নারীর সঙ্গে দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. জিসান বাবুল (২৮) ও আব্দুল্লাহ আল মামুনের পরিচয় ও যোগাযোগ হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, চেয়ারম্যান আলমগীর হোসেনের পারিবারিক জীবনের কিছু ব্যক্তিগত ভিডিও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে অন্যদের হাতে যায়। পরে গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে কয়েক দফায় টাকা দাবি করা হয়। একপর্যায়ে ভিডিও মুছে দেওয়ার কথা বলে এক লাখ টাকা দাবি করা হয়।
এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে ছাত্রদল নেতা জিসান বাবুল, নৌবাহিনী থেকে কোর্ট মার্শাল হওয়া আব্দুল্লাহ আল মামুন ও চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে সাহেব আলী দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে সদর থানায় পর্নোগ্রাফি চাঁদাবাজির আইনে মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ