বিশেষ প্রতিনিধি:সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমে সাতক্ষীরা জেলার মাহমুদপুর গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী ইসরাফিলের বিরুদ্ধে প্রকাশিত "আসছে মাদক, যাচ্ছে স্বর্ণ—নেপথ্যে ইসরাফিল" শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মহল এবং ভুক্তভোগীর পরিবার। তাদের দাবি, কোনো নির্ভরযোগ্য দালিলিক প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন বৈধ ব্যবসায়ীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে।
প্রতিবাদে বলা হয়, প্রকাশিত সংবাদে ইসরাফিলের নামে কোটি কোটি টাকার বিলাসবহুল স্থাবর-অস্থাবর সম্পত্তি, বাড়ি-গাড়ি ও বিপুল জমিজমার যে বিবরণ দেওয়া হয়েছে, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। প্রকৃতপক্ষে তার নিজস্ব বিপুল পরিমাণ সম্পত্তি নেই। তিনি একজন পেশাদার মৎস্য ও খামার ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি নবাতকাটি এলাকায় ১০ বিঘা মৎস্যঘের, আলিপুর ডাকাতপোতা ব্রিজসংলগ্ন ১৪ বিঘা ফসলি জমি এবং বকচরা এলাকায় ২৫ বিঘা ফসলি জমি ও একটি মুরগির খামার স্থানীয় জমির মালিকদের কাছ থেকে বার্ষিক চুক্তিভিত্তিক লিজ (হাড়ি) নিয়ে বৈধভাবে পরিচালনা করে আসছেন। কষ্টার্জিত ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহকারী একজন নাগরিককে রাতারাতি ‘অবৈধ সম্পদের পাহাড় গড়া চোরাচালানি’ হিসেবে উপস্থাপন করা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে তারা দাবি করেন।
প্রতিবাদে আরও বলা হয়, ইসরাফিল এলাকায় মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকায় স্থানীয় একটি চিহ্নিত মাদক ব্যবসায়ী চক্র তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এর জের ধরে কিছুদিন আগে ওই চক্রটি গভীর রাতে তার বাড়িতে প্রবেশ করে মাদক রেখে তাকে ফাঁসানোর পরিকল্পনা করে বলে অভিযোগ করা হয়েছে।
তাদের দাবি, ওই ঘটনার পুরো দৃশ্য বাড়ির সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধারণ হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ স্থানীয় কয়েকজন সাংবাদিকের কাছেও রয়েছে।
প্রতিবাদে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে একটি মাদক মামলায় ইসরাফিলকে আসামি করা হয়, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। পরিবারের দাবি, মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। সিসিটিভি ফুটেজে প্রকৃত ঘটনা উঠে আসায় তাকে সামাজিকভাবে হেয় করতে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
এ বিষয়ে ব্যবসায়ী ইসরাফিল বলেন, “আমি বিভিন্ন এলাকায় জমি লিজ (হাড়ি) নিয়ে মাছের ঘের ও মুরগির খামারের ব্যবসা করে সততার সঙ্গে জীবিকা নির্বাহ করছি। আমাকে পরিকল্পিতভাবে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। বিষয়টি সিসিটিভি ফুটেজে ধারণ রয়েছে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমি নির্দোষ প্রমাণিত হব।”
প্রতিবাদকারীরা দাবি করেন, সিসিটিভি ফুটেজ ও জমির বৈধ লিজের কাগজপত্র থাকার পরও একজন বৈধ ব্যবসায়ীকে অপরাধী হিসেবে উপস্থাপন করা সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা প্রকৃত ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ