নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর দাতিনাখালীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সম্প্রতি সংস্কার করা বেড়ীবাঁধ ধসে গেছে। কয়েক দিন আগে ফাটল দেখা দেওয়ার পর বাঁধের দাতিনাখালি হুলো অংশের ৩০ ফুট স্থান ধসে পাশের নদীতে বিলীন হয়ে গেছে।
স্থানীয় লোকজনের ভাষ্য, পাঁচ মাস আগে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে মেরামত করা অংশের বাঁধ আবার ধসে গেল। এতে ধসে যাওয়া অংশের মাটিসহ উপরিভাগের জিও ব্যাগ নদীতে বিলীন হওয়ায় বর্ষা মৌসুমে ভয়াবহ ভাঙনের আশঙ্কা আছে।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কামরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর দাতিনাখালি হুলো এলাকায় ফাটল দেখা দেয়। পরবর্তী সময়ে বারবার বলা হলেও ঠিকাদার বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তদারকি না থাকায় গতকাল হঠাৎ বাঁধের বাইরের কিছু অংশ নদীতে ধসে গেছে। ধসে পড়া অংশ দ্রুত মেরামত করা না হলে ভাঙন ভয়াবহ আকার ধারণ করতে পারে।
বুড়িগোয়ালিনী গ্রামের বাসিন্দা ও পরিবেশকর্মী জান্নাতুল নাইম বলেন, পাঁচ মাস আগে সংস্কারের সময় কাজ যথাযথভাবে না করায় সামান্য বৃষ্টিতেই শুক্রবার মাটিসহ জিও ব্যাগ নদীতে ধসে গেছে। পার্শ্ববর্তী কয়েকটি অংশেও একই ধরনের ফাটল দেখা দিয়েছে।
বাঁধে যে অংশ ধসে গেছে, ওই অংশের কাজ সম্পন্ন করা সাব-ঠিকাদার ও লেবার সরদার আইয়ুব হোসেন বলেন, কাজ বুঝিয়ে দেওয়ার পর তার কোনো দায় নেই। স্থানীয়দের মতে দাতিনাখালীতে ১৭০০০ জিও ব্যাগ জাইকার কাজে ডাম্পিং করার কথা থাকলেও তা কাগজে কলমে ডাম্পিং দেখিয়ে বাস্তবে (নদীতে না ফেলে) ডাম্পিং না করে সেই একই জিও ব্যাগ আবার দুরগাবাটিতে জরুরি কাজে প্লেসিং করে এই ১৭০০০ জিও ব্যাগ হরিলুট করেছে সাতক্ষীরা পওর বিভাগ-১ এর শ্যামনগরের দুর্নীতিবাজ উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন। যার আনুমানিক মুল্য ৫০ লক্ষ টাকা। যার ফলে এখন বাঁধে ভয়াবহ ধস নামছে, এটাই হলো আসল রহস্য। এছাড়া অদক্ষতা ও একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে প্রকৌশলী জাকির হোসেনের বিরুদ্ধে। নামে ও বেনামে গড়ে তুলেছেন অবৈধ অঢেল সম্পদ। এদিকে ভাঙনের বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ