নিজস্ব প্রতিনিধি :ঐক্য, নেতৃত্ব ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করার দৃপ্ত প্রত্যয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সদর উপজেলা ও পৌরসভা কর্মী সমাবেশ। সমাবেশে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং সাতক্ষীরা সদর উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাটমন্দির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎ সাধু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি জনাব নাছিম ফারুক খান মিঠু।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান জনাব হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার শীল, খ্রিস্টান অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মি. স্বপন বৈরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শ্রী কিনু কুমার বিশ্বাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব শ্রী অরবিন্দু কর্মকার এবং বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শ্রী সুজন বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক শ্রী অমিত কুমার ঘোষ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, দেবহাটা উপজেলা শাখার সদস্য সচিব শ্রী বাপ্পা দাস।
সাতক্ষীরা সদর উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি ঘোষণা
সমাবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা আহ্বায়ক কমিটিতে শ্রী দেবদাস সেনকে আহ্বায়ক এবং শ্রী তাপস বিশ্বাসকে সদস্য সচিব করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী প্রদীপ মণ্ডল ,শ্রী মিলন কুমার রায়,দিবস কর্মকার,। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শ্রী রতন অধিকারী, শ্রী শিব নাথ দাশ, শ্রী মোহন দাস, শ্রী অজয় দাস ও শ্রী অনিমেষ বিশ্বাস, মিঠুন বিশ্বাস,নয়ন বিশ্বাস, পঙ্কজ বিশ্বাস,গৌর বিশ্বাস,
অন্যদিকে, সাতক্ষীরা পৌরসভা আহ্বায়ক কমিটিতে শ্রী বাধন ঘোষকে আহ্বায়ক, যুগ্মআহ্বায়ক মিলন দাশ ,দীলিপ মন্ডল, শ্রী মজুমদারকে সদস্য সচিব। সদস্য সঞ্জয় সাধু।
নবগঠিত দুই কমিটির নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পৌরসভার পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি এবং সদর উপজেলার ইউনিয়ন কমিটির তালিকা জেলা শাখার কাছে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে এসব কমিটি যাচাই-বাছাই ও অনুমোদনের মাধ্যমে পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির সভাপতি উজ্জ্বল সাধু সাধারণ সম্পাদক শ্রীদাম দে কে সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষা, মানবিকতা ও সম্প্রীতির অঙ্গীকার
সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজকে শুধু সংগঠিত করাই নয়, বরং মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা ও অসাম্প্রদায়িক সম্প্রীতির চেতনায় গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানে আগামী প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনার পাশে দাঁড়ানো। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মানবিক সহায়তা প্রদান এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই হবে তাঁদের অঙ্গীকার।
নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা বলেন, সংগঠন কেবল নাম কিংবা পদ-পদবির পরিচয়ে বড় হয় না; সংগঠনের প্রকৃত শক্তি প্রকাশ পায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো, সমাজের কল্যাণে কাজ করা এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখার মধ্য দিয়ে।
সমাবেশের শেষ পর্বে নতুন নেতৃত্বের কণ্ঠে উচ্চারিত হয় এক দৃপ্ত অঙ্গীকার—পদ-পদবির জন্য নয়, মানুষের কল্যাণে; lপরিচয়ের জন্য নয়, কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতেই এগিয়ে যাবে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ। ঐক্যবদ্ধ যুবশক্তিই হবে আগামীর মানবিক, সম্প্রীতিময় ও শক্তিশালী সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ