পি এম পলাশ শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের ২য় শ্রেণির ছাত্র রিদয়ান ইসলাম (৮) কে অপহরণের পর মুক্তিপন দাবী করে না পেয়ে হত্যার পর লাশ ঘাসের জমিতে ফেলে দিয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ তিন ঘাতককে আটক করে। নিহত রিদয়ান ওই গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে।
সে নগরডালা বাজারের হাবিবুল্লাহ কিন্ডারগার্টেনের ২য় শ্রেণির ছাত্র।
এ বিষয়ে নিহতের চাচা কামরুল ইসলাম বলেন, গত শুক্রবার বিকেলে রিদয়ান বাড়ির পাশে খেলা করছিল। এরপর তাকে আর খুজে পাওয়া যায় না। এ দিন রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে অপহরণকারীরা শিশুটির পিতা মনিরুলের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে এবং তা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। ঐ দিন রাতেই পিতা মনিরুল ইসলাম পুত্র রিদয়ানকে বাঁচাতে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠায়। এরপর থেকেই অপহরনকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শনিবার সকালে মনিরুল সন্দেহভাজন তিনজনকে
আসামী করে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। পরদিন রবিবার (১৮ মার্চ) রাতে অপহরনকারী তিনজনকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী ২০ মার্চ সোমবার সকালে আসামীদের সঙ্গে নিয়ে পুলিশ শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া দওকালাই বিল ঘাসের জমি থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা আইনে মামলা হয়েছে। নিহতের বাবা মনিরুল বাদী হয়ে এ মামলা করেন।
আসামীরা হলো, উপজেলার রতনকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে
সাগর (১৯), আব্দুল জলিল ভক্তের ছেলে ভ্যান চালক নাঈম (২০) ও জিগারবাড়িয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সাখাওয়াত (১৯)।
পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
এ ব্যাপারে শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ বলেন, শিশুটি অপহরনের পর গত শনিবার আমরা অভিযোগ পাই এবং রবিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা লাশ উদ্ধার করি। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ