বাগেরহাট প্রতিনিধি:মোংলা বন্দর শিল্প এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আসিফ নাঈম (৩২) নামে মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় বন্দর বিপণি বিতান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আসিফ নাঈম মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ)-এর এডহক কমিটির সদস্য। ঘটনার বর্ণনায় তিনি জানান, সন্ধ্যায় চা পান করতে সিবিএ ভবন থেকে বিপণি বিতানে গেলে দুইজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার পথরোধ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তার বাম পায়ের উরুতে গুলি করে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক গুলি অপসারণ করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকা ঘিরে রাখা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।”
এ ঘটনায় বন্দর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি পূর্ব কোনো বিরোধের জেরে, নাকি পরিকল্পিত হামলা — তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ