সাতক্ষীরা প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩২৪-এর সংসদ সদস্য এবং সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সাংসদের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আব্দুর রউফ বিথীকা বিনতে হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, বিশেষ করে সাতক্ষীরা-২ আসনের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ জেলার সার্বিক পরিস্থিতি, দলীয় কর্মকাণ্ড ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
আব্দুর রউফ বলেন, সাতক্ষীরা-২ আসনের বিভিন্ন এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তিনি সাতক্ষীরা-২ আসনের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার পাশাপাশি উন্নয়ন বরাদ্দ বাড়ানোর জন্য দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন পরিস্থিতি সরেজমিনে দেখতে বিথীকা বিনতে হোসেনকে সাতক্ষীরা সফরের আমন্ত্রণ জানান।
সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ