অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এ ভাষণ একযোগে প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যম।
ভাষণের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জনগণের ভোট ও আস্থার প্রতিদান দিতে সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। তিনি আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে সরকারের অগ্রাধিকার। পাশাপাশি তরুণ সমাজের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের কথাও তুলে ধরেন তিনি।
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে ৪৯ সদস্যের মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ