নিজস্ব প্রতিনিধি, কলারোয়া :কলারোয়া উপজেলা-এ খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে প্রতিবেশী বিরোধের জেরে ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই রুহুল আমিন গুরুতর আহত হয়েছেন। পুলিশ চারজনকে আটক করেছে।
সোমবার দুপুরে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ও আহত রুহুল একই গ্রামের ছলেমান শেখের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশের মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে প্রতিবেশী আরিফুল ইসলামের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে দুই ভাই আহত হন।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আহত রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ