রিফাত মাহমুদ, বাগেরহাট:১১ জুন ২০২৫ ইং বাগেরহাট সদরের ডেমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনি মল্লিককে খুলনা থেকে অপহরণ করা হয়েছিল। অপহরণের কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দায়িত্বশীল সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় খুলনা শহর থেকে নিজ বাড়ি বাগেরহাটে ফেরার পথে রূপসা ঘাট এলাকা থেকে অজ্ঞাতনামা কয়েকজন দুষ্কৃতকারী মনি মল্লিককে জোরপূর্বক অপহরণ করে। অপহরণের পর তাকে একটি নির্জন স্থানে নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনি মল্লিক জানান, ছেলের লেখাপড়ার কারণে তিনি দীর্ঘদিন ধরে খুলনা শহরে অবস্থান করছেন।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। তার অপহরণ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।
তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা—এমন প্রশ্নের উত্তরে ওসি জানান,
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হয়েছে।
এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ