
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে তিনি দক্ষিণ সোনাতলা সর্বজনীন দুর্গা মন্দির, উত্তর শ্রীপুর সাড়াতলা সর্বজনীন দুর্গা মন্দির, গোবিন্দকাটি সর্বজনীন দুর্গা মন্দিরসহ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।পরিদর্শনকালে বক্তব্যে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সরকারি সহায়তার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তাঁর বক্তব্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর প্রতিটি মন্দিরে ১০০ কেজি করে বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা এবং জনকল্যাণমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন।
এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।পরিদর্শন কালে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার আলী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক গাজী ও সাধারণ সম্পাদক মনতাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তুহিনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ