কক্সবাজার থেকে ফিরে জি এম আমিনুল হক:কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ বসানোর সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসে আগুন ধরে তিন সপ্তাহের বেশি সময় ধরে জ্বলছে।
গত ২৭ অক্টোবর সকালে জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইনানী ছোট খাল ব্রিজ সংলগ্ন এলাকায় মোহাম্মদ আবদুল্লাহর বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ পৌঁছানোর পর হঠাৎ গ্যাস বের হতে শুরু করে এবং আগুন ধরে যায়। এরপর থেকে একই চাপে গ্যাস বের হচ্ছে আর আগুন জ্বলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ও পেট্রোবাংলার বিশেষজ্ঞরা। প্রাথমিক পর্যবেক্ষণে গ্যাসটিকে থার্মোজেনিক বলে ধারণা করা হচ্ছে। আগুনের শিখার রং দেখে গ্যাসের সঙ্গে তেল বা কনডেনসেট মিশে থাকার সম্ভাবনাও দেখছেন বিশেষজ্ঞরা। গ্যাসের উৎস ও মজুত সম্পর্কে নিশ্চিত হতে ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে থ্রিডি ভূকম্পন জরিপ করার পরিকল্পনা রয়েছে।
নিরাপত্তার কথা বিবেচনায় উপজেলা প্রশাসন ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের চলাচল ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে বাপেক্স ভারী যন্ত্রপাতি ও পাইপ নিয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। দেশে এখন ৩০টি গ্যাসক্ষেত্র রয়েছে। ইনানীতে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য মজুত নিশ্চিত হলে এটি হবে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ