সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক ও সাবেক চেয়ারম্যান জমির উদ্দিন গাজী বিএনপিতে যোগদান করায় এলাকায় চরম ক্ষোভ, তীব্র বিতর্ক ও বিস্ফোরক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতার ছত্রছায়ায় থেকে সুবিধা ভোগ করা একজন বিতর্কিত নেতার হঠাৎ বিএনপিতে যোগদানকে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা স্পষ্টভাবে “বিশ্বাসঘাতকতা” হিসেবে দেখছেন।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন জমির উদ্দিন গাজী। অনুষ্ঠানে আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিনসহ কয়েকজন নেতা উপস্থিত থাকলেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বড় অংশ তীব্র আপত্তি জানান।
স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে জমির উদ্দিন গাজী দীর্ঘ সময় সুবিধাভোগী হিসেবে সক্রিয় ছিলেন। সেই সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, মামলা, হামলা ও জেল-জুলুম চললেও তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। এমনকি অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষেই অবস্থান নিয়েছেন।
জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশিত হতেই সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার বিএনপি নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। আশাশুনির দরগাহপুর ইউনিয়নের একাধিক নেতা মন্তব্য করেন, “এটি দুর্গাহপুর বিএনপিকে ধ্বংস করার সুপরিকল্পিত ষড়যন্ত্র। জেলা বিএনপির কিছু অসাধু নেতা আওয়ামী লীগের লোকদের পুনর্বাসনের জন্য দলকে ব্যবহার করছে।”
তারা আরও বলেন, “যারা বিগত ১৭ বছর ধরে আমাদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটিয়েছে—তারা ২০২৬ সালে বিএনপির ব্যানারে সুবিধা নেবে, এটা আমরা কখনোই মেনে নেব না।” স্থানীয় নেতাকর্মীরা স্পষ্ট ভাষায় জানাচ্ছেন, আওয়ামী লীগের দোসর ও সুবিধাভোগীদের সঙ্গে একই মঞ্চে বসা তাদের জন্য অসম্ভব, এবং এটি তাদের কাছে নির্মম প্রতারণা।
যোগদান অনুষ্ঠানে জমির উদ্দিন গাজী দাবি করেন, তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে দলের জন্য কাজ করতে চান। তবে স্থানীয় নেতাকর্মীরা তার বক্তব্যকে সুবিধাবাদী নাটক হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিতর্কিত ও সুবিধাভোগী ব্যক্তিদের দলে স্থান দিলে বিএনপির তৃণমূল ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভবিষ্যতে দলীয় ঐক্য ও আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়বে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ