সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে নির্যাতনের অভিযোগ
- আপডেট সময় : 05:02:05 pm, Friday, 10 October 2025 296 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিককে তুলে নিয়ে দুই ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম (রবি) এবং তার সহযোগীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে। স্থানীয়দের অভিযোগ, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম শফিকের কাছে চাঁদা দাবি করেন। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে রবি ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে জিআই পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, শফিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার হাত-পা ভেঙে গেছে।
শফিকের স্ত্রী পাপিয়া খাতুন বলেন,
“আমার স্বামী দোকানে বসে ছিলেন। হঠাৎ সাবেক চেয়ারম্যান রবি ৪০-৪৫ জন সহযোগী নিয়ে এসে তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে ফেলে। আমি এই সন্ত্রাসীদের দ্রুত শাস্তি দাবি করছি।”
আহত শফিকুল ইসলাম শফিক বলেন,
“আমি একজন সাধারণ মানুষ ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী। এর আগেও রবি আমার কাছ থেকে দুই দফায় মোটা অঙ্কের চাঁদা নিয়েছেন। এবার আমি না বলায় ক্ষিপ্ত হয়ে তারা আমাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।
অভিযুক্ত রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং আহত শফিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।






























