সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে সাংবাদিক ইয়ারব হোসেন গ্রেপ্তার
- আপডেট সময় : 05:51:33 pm, Tuesday, 8 April 2025 174 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর এলাকার নিজ বাসভবন থেকে আলোচিত সাংবাদিক ও সমাজকর্মী ইয়ারব হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (৮ এপ্রিল ২০২৫)এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই যৌথবাহিনীর একটি দল ইয়ারব হোসেনের বাড়িতে উপস্থিত হয়ে তল্লাশি চালায় এবং তাকে আটক করে নিয়ে যায়। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।
সাংবাদিক ইয়ারব হোসেন দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। তার গ্রেপ্তারের খবরে স্থানীয় সাংবাদিক সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে ঘটনাটিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এবং সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ ও গ্রেপ্তারের পেছনের কারণ দ্রুত জানাতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।
























