শিক্ষার্থীদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সাতক্ষীরায় পিঠা উৎসব অনুষ্ঠিত
- আপডেট সময় : 01:44:45 am, Sunday, 28 January 2024 241 300 বার পড়া হয়েছে

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১২ টায় শহরের খড়িবিলা বাইপাস এলাকায় অবস্থিত
আরবি, ইংরেজি ও বাংলা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির আয়োজনে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তবে নগরায়নের প্রভাবে আজ তা অনেকটাই বিলুপ্তির পথে। এক সময় বাঙালির যে কোনও উৎসব আনন্দে মিশে থাকত রকমারি পিঠা, আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে এ ঐতিহ্য। অথচ এটি বাঙ্গালির সংস্কৃতির ঐতিহ্যর সাথে মিলেমিশে ছিল। তাই নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে বেশি বেশি এই ধরনের উৎসবের আয়োজন করতে হবে।
তিনি আরও বলেন, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গড়ার প্রত্যয়ে ছাত্র-ছাত্রীদের যেমন ইচ্ছা ও চেষ্টা থাকতে হবে তেমনি শিক্ষকদেরও তথা স্কুল কর্তৃপক্ষেরও সেটি আবশ্যক। আশাকরি স্কুলটি ঠিক সেভাবেই আমাদের কোমলপ্রাণ শিশু কিশোরদের মাঝে শিক্ষার প্রদীপ জ্বালিয়ে তাদেরকে জীবনে ভালো মানুষ হাওয়ার পথ প্রদর্শক হিসেবে কাজ করবে।
ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ নূর আলম শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু ও ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির চেয়ারম্যান মো. আবু হাসান।





























