রাতের ফেরিওয়ালা, দিনের আলোকিত মুখ
- আপডেট সময় : 08:42:05 pm, Saturday, 28 June 2025 163 300 বার পড়া হয়েছে

আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধিন:তাকে দেখলে মনে হয়, হয়তো তিনি একজন সাধারণ নরসুন্দর—হাতে একটি কাঁচি, একটা ছুরি, আর পুরনো হারিকেন। কিন্তু একটু কাছ থেকে তাকালেই বোঝা যায়—এই মানুষটা অসাধারণ। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের এই পরিতোষ বাবু ৬০ বছর ধরে নিঃশব্দে, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছেন চুল-দাড়ি কেটে—একটুও ক্লান্ত না হয়ে, একটুও বিরক্ত না হয়ে, একটুও দাম না বাড়িয়ে।
এই আধুনিক প্রযুক্তির যুগে যেখানে প্রতিটি সেলুনে চেয়ারে বসলেই ডিজিটাল ট্রিমার, ঝকঝকে আয়না আর এসির শীতল বাতাসে মানুষ চুল কাটে, সেখানে পরিতোষ বাবু আজও আশ্রয় নিয়েছেন হারিকেনের আলোয়। সকাল ৭টায় ঘুম থেকে উঠে সাইকেলে চেপে গ্রামের পথ ধরে ঘুরতে ঘুরতে খোঁজ নেন—“কারো কি দাড়ি-চুল কাটানো লাগবে?” সকাল ১০টার দিকে এসে বসেন বাজারের এক কোণে, নিজস্ব ছোট্ট দোকানে। দুপুর পর্যন্ত কাজ করে খানিকটা বিশ্রাম নেন বাড়িতে।
কিন্তু তাঁর দিনের কাজ তখনো শেষ নয়—বরং শুরু হয় সন্ধ্যার পর। পুরনো হারিকেনটা হাতে নিয়ে আবার বেরিয়ে পড়েন তিনি, গ্রাম-গঞ্জের হাটে। দোকানগুলো যখন একে একে বন্ধ হয়ে যায়, তখনও তিনি থেকে যান — কাজ করে যান হাসিমুখে। শুধু তাই নয়, রাতের নিরবতা নামলে, তিনি বাড়ি বাড়ি গিয়ে দরজায় টোকা দেন, “কাউকে কি কিছু লাগবে?”
এই মানুষটির চমকপ্রদ দিক হলো—তিনি অর্থের জন্য কাজ করেন না, করেন মানুষের জন্য। এখন যেখানে একটি সাধারণ সেলুনেও চুল বা দাড়ি কাটাতে লাগে ৫০ থেকে ১০০ টাকা, সেখানে পরিতোষ বাবু নেন মাত্র ৫ টাকা, কেউ দিতে পারলে ২০/৩০ টাকা। আর কেউ একেবারেই না পারলে, হাসিমুখে বলেন—“টাকা পরে হবে, তুমি ভালো থেকো।”
এমন নিঃস্বার্থতা, এমন নিষ্কলুষ মনোভাব আজকের সমাজে বিরল। নেই কোনো প্রচারের আকাঙ্ক্ষা, নেই ক্যামেরার সামনে আসার লোভ—আছে শুধু একটিই লক্ষ্য সেবা দেওয়া, মানুষকে নিজের মতো করে সুন্দর করে তোলা। তার কাজ কাঁচির — কিন্তু তাতে কাটা পড়ে না শুধু দাড়ি বা চুল, তার প্রতিটি স্পর্শে ঝরে পড়ে সমাজের অবহেলা, ক্লান্তি, নিঃসঙ্গতা।
পরিতোষ বাবুর চোখে জীবন মানে শুধু চলা নয় — জীবন মানে অন্যের পাশে দাঁড়ানো। হারিকেনের ক্ষীণ আলোয় চুল কাটেন তিনি, কিন্তু সেই আলোয় অনেক হৃদয় উজ্জ্বল হয়। তিনি যেন গ্রামের অন্ধকার গলিতে আলোকবর্তিকা হয়ে ওঠা এক ‘রাতের ফেরিওয়ালা’, আর দিনের আলোয় ভেসে বেড়ানো এক আলোকিত মানুষ।





























