জনতার ঢেউয়ের মাঝে তারেক রহমান
- আপডেট সময় : 11:35:49 pm, Thursday, 25 December 2025 147 300 বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার দিনে জনতার ঢেউয়ের মাঝে সংবর্ধনা মঞ্চে উঠলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট সড়কে দলীয় আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনায় নেতাকর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে গণসংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদেই ঘরে ফিরতে পারবে।
তিনি বলেন, ১৯৭১ সালে যেমন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালেও সর্বস্তরের মানুষ এক হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। এখন দেশের মানুষ তাদের কথা বলার অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।
তারেক রহমান আরও বলেন, পাহাড়-সমতল, মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান—সবাই মিলেই বাংলাদেশ। নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবাই যেন নিরাপদ থাকে, সে লক্ষ্যেই একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
তরুণ প্রজন্মের ওপর আস্থা রেখে তিনি গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশ গড়ার আহ্বান জানান। বক্তব্যের এক পর্যায়ে তিনি পরপর তিনবার বলেন, “আমরা দেশের শান্তি চাই।”
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা তাকে শুভেচ্ছা জানান।




























