কালিগঞ্জে রতনপুরে নিখোঁজ যুবকের ঘর থেকে উদ্ধার হলো অর্ধগলিত মরদেহ
- আপডেট সময় : 11:58:22 pm, Tuesday, 20 May 2025 164 300 বার পড়া হয়েছে

এস কেএম মনির কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামে মঙ্গলবার (২০ মে) বিকেলে একটি ঘর থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেয়া তথ্যে সাড়া দিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের নাম ফারুক হোসেন (৩৫)। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ইতালিতে যাওয়ার প্রস্তুতিকালে প্রতারণার শিকার হয়ে ফারুক মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর তিনি একাকীত্বে জীবনযাপন শুরু করেন, যা ধীরে ধীরে তাকে মানসিক ভারসাম্যহীন করে তোলে।
সাধারণ জীবন থেকে নিজেকে আলাদা করে, বসতভিটার এক পাশে তৈরি করা একটি ছোট ঘরে প্রায় পাঁচ বছর ধরে একাকী ছিলেন ফারুক। মঙ্গলবার দুপুরে সেই ঘর থেকেই তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।পরিবারের সদস্যদের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।





























