আশাশুনিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান মোবাইল কোর্টে ২ জনের জেল, ৩ জন আটক
- আপডেট সময় : 09:39:03 pm, Monday, 1 September 2025 289 300 বার পড়া হয়েছে

এস, এম মোস্তাফিজুর রহমান: সাতক্ষীরার আশাশুনিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মোবাইল কোর্টে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে এবং তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ রুহুল আমিন ও এসআই জেসমিন আরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গোয়ালডাঙ্গা গ্রামের আতিয়ার গাজীর ছেলে আমিরুল গাজীর (৪০) চায়ের দোকান থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে। এছাড়া বড়দল খ্রিস্টান পাড়ার মৃত লালু দাসের মেয়ে কাকলি ঢালির বাড়ি থেকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাকে তিন দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া বড়দল গ্রামের মৃত আমজাদ ঢালীর ছেলে মহাব্বত ঢালীকে ৪১ পিস ইয়াবাসহ, মৃত রাজ্জাক সরদারের ছেলে মিন্টু সরদারকে ৫ পিস ইয়াবাসহ এবং ফজলু গাজীর ছেলে রবিউল ইসলাম গাজীকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অভিযানে সাজাপ্রাপ্ত ও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই জেসমিন আরা জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।





























