আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
- আপডেট সময় : 11:23:10 pm, Monday, 18 August 2025 414 300 বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি:“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদ কমপ্লেক্স পুকুরে গিয়ে শেষ হয়, সেখানে ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবী সমিতির জেলা আহ্বায়ক খায়রুল আহসান, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, শাহারুজ্জামান ও এইচ এম জামান।
অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ ক্লাস্টার পদ্ধতিতে মাছ চাষী হিসেবে শাহারুজ্জামানকে প্রথম, আ. হান্নান পাড়কে দ্বিতীয় এবং মাটির পুকুরে গলদা পিএল উৎপাদনকারী এইচ এম জামানকে তৃতীয় স্থান অর্জনের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।





























