আশাশুনিতে চুরি হওয়া রাধা–কৃষ্ণের যুগল পিতলের মূর্তি উদ্ধার
- আপডেট সময় : 06:05:08 pm, Sunday, 4 January 2026 140 300 বার পড়া হয়েছে

বিএম আলাউদ্দীন :আশাশুনি প্রতিনিধি :আশাশুনি উপজেলার একটি মন্দির থেকে চুরি হওয়া রাধা–কৃষ্ণের যুগল পিতলের মূর্তি চুরির এক সপ্তাহের মধ্যেই উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) সকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান-এর নেতৃত্বে বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করেন।
থানা সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের শিবকালী রাধা মন্দির থেকে রাধা–কৃষ্ণের যুগল পিতলের মূর্তিটি চুরি হয়। এ ঘটনায় একই দিন আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং–১৪, তারিখ: ২৯/১২/২০২৫ খ্রি., ধারা–৪৫৭/৩৮০ পেনাল কোড)।
আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান জানান, বুধহাটা গ্রামের নিত্য ঘোষের বাড়ির পারিবারিক শিব মন্দির প্রাঙ্গণ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা সায়নী ঘোষ (১১) ও লক্ষ্মী ঘোষ (৩৫) পুলিশের কাছে তথ্য প্রদান করলে তাদের দেখানো মতে মন্দির সংলগ্ন একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত মূর্তিটি আইনানুগ প্রক্রিয়া শেষে মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
























