WHRO’র নতুন যুগ্ম মহাসচিব ভোলার কৃতি সন্তান মোঃ মহিউদ্দিন খন্দকার
- আপডেট সময় : 09:35:09 pm, Monday, 22 September 2025 204 300 বার পড়া হয়েছে

ভোলা, চরফ্যাশন:আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (ডব্লিউএইচআরও)-এর কেন্দ্রীয় কমিটির নতুন যুগ্ম মহাসচিব হিসেবে ভোলার চরফ্যাশনের কৃতি সন্তান মোঃ মহিউদ্দিন খন্দকার মনোনীত হয়েছেন।
সংস্থাটির পক্ষ থেকে ইস্যুকৃত এক আনুষ্ঠানিক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং জাতিসংঘভুক্ত বিশ্ব মানবাধিকার ও উন্নয়ন সংস্থার সাথে জোটবদ্ধভাবে নিবন্ধিত এ সংগঠন দেশ-বিদেশে নির্যাতিত ও নিপীড়িত মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
নিয়োগপত্রে মহিউদ্দিন খন্দকারকে উদ্দেশ করে বলা হয়, “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন বিশ্বাস করে, আপনি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মকৌশল ও কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সমাজের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর নির্যাতিত মানুষকে সহায়তা প্রদান এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংস্থার সর্বোচ্চ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠা ও সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাঁর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানুষের মৌলিক, সামাজিক ও পারিবারিক অধিকার সংরক্ষণ, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং বৈশ্বিক মানবাধিকার কার্যক্রম পরিচালনায় কাজ করে আসছে।





























