দুই দফা দাবিতে টানা চতুর্থ দিনের কর্মবিরতি সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
- আপডেট সময় : 06:08:47 pm, Thursday, 9 July 2026 109 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতির দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সাতক্ষীরার শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
দুপুর ২টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রধান ডাকঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর তাদের দুই দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরে কর্মরত প্রায় ২৩ হাজার এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান বেতন-ভাতায় পরিবার নিয়ে চলা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও তাদের এখনো বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতি দেওয়া হয়নি, যা চরম বৈষম্যের শামিল।
স্মারকলিপিতে তারা বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং শাখা ডাকঘরের সব ইডি কর্মচারীকে বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, তালা উপজেলার হরিহরনগর শাখা ডাকঘরের পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, রসুলপুর শাখা ডাকঘরের পোস্টমাস্টার ফারহানা খান, জগন্নাথপুর শাখা ডাকঘরের পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ জেলার বিভিন্ন শাখা ডাকঘরের ইডি কর্মচারীরা।
























