লিডার্সের উদ্যোগে আশাশুনিতে কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল ধান বীজ ও জৈবসার বিতরণ
- আপডেট সময় : 05:08:54 pm, Wednesday, 8 July 2026 166 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আশাশুনি:জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা, বন্যা ও অনিয়মিত আবহাওয়ার কারণে কৃষি উৎপাদন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন সংস্থা লিডার্স (LEADERS) আশাশুনিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং জৈবসার বিতরণ করেছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে Climate Adaptation of High Risk Coastal Communities through Empowerment (CARE) প্রকল্পের আওতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড-এর আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে লিডার্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি মো. আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. তরিকুল ইসলাম, দুতি কৃষ্ণ এবং মো. মারুফ হোসেন।
অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি তুলে ধরে লিডার্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জুরুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের কৃষি উৎপাদন ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধানের জাত সম্প্রসারণ এবং জৈবসারের ব্যবহার বৃদ্ধি কৃষকদের উৎপাদনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় কৃষকদের জলবায়ু সহনশীল প্রযুক্তি ও উন্নত জাতের ফসল চাষে এগিয়ে আসতে হবে। সরকারি কৃষি সম্প্রসারণ কার্যক্রমের পাশাপাশি লিডার্সের মতো উন্নয়ন সংস্থার এ ধরনের উদ্যোগ উপকূলীয় কৃষিকে আরও টেকসই ও লাভজনক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভায় বক্তারা লবণাক্ততা ও বন্যাজনিত ঝুঁকি মোকাবিলায় সহিষ্ণু ধানের জাত নির্বাচন, আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং জৈবসারের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে জৈবসারের ব্যবহার বাড়ানো গেলে মাটির গুণাগুণ রক্ষা, উৎপাদন ব্যয় হ্রাস এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্সের প্রজেক্ট অফিসার মো. মনিরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড অফিসার মো. ফয়সাল হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুল্লাহ, সুমিত্রা মল্লিক এবং উপকারভোগী কৃষকরা।
লিডার্সের CARE প্রকল্পের আওতায় চলতি আমন মৌসুমে খুলনা ও সাতক্ষীরা জেলার বটিয়াঘাটা, শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৩৫০ জন জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকের মাঝে ৩ হাজার ৫৪০ কেজি লবণ ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং সমপরিমাণ জৈবসার বিতরণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি চর্চার সম্প্রসারণ, নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা জোরদারে কাজ করছে লিডার্স।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় টেকসই কৃষিই হতে পারে উপকূলীয় জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিরাপত্তার অন্যতম ভিত্তি। সেই লক্ষ্যেই লিডার্স স্থানীয় কৃষকদের সঙ্গে নিয়ে একটি জলবায়ু সহনশীল ও স্থিতিশীল সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।





























