শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- আপডেট সময় : 08:40:18 pm, Sunday, 5 July 2026 145 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা আরও উন্নত করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল ৮টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আমিনুর রহমান।
পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা, শারীরিক ফিটনেস এবং টার্নআউট মূল্যায়ন করেন। এ সময় দক্ষতা ও শৃঙ্খলায় এগিয়ে থাকা চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পরিদর্শন শেষে তিনি প্যারেডের সার্বিক মানে সন্তোষ প্রকাশ করেন এবং সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা।
এ সময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাতসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
























