ভেজাল আমের বিরুদ্ধে অভিযান: সাতক্ষীরায় ধ্বংস ৯ হাজার কেজি আম
- আপডেট সময় : 06:22:39 pm, Wednesday, 29 April 2026 152 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরায় কেমিক্যাল ও কার্বাইড দিয়ে কৃত্রিমভাবে পাকানো বিপুল পরিমাণ আম জব্দ করেছে প্রশাসন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব আমের পরিমাণ প্রায় ৯ হাজার কেজি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এসব আম উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে ৩৫১ ক্যারেট ভর্তি আম উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৯ হাজার কেজি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অপরিপক্ব অবস্থায় আম সংগ্রহ করে কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে দ্রুত পাকানো হয়েছিল। এসব আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধারকৃত আমগুলো জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হওয়ায় বাজারজাত করতে দেওয়া হয়নি। তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়।”
পরদিন বুধবার দুপুরে পৌরসভার বিনেরপোতা এলাকার ময়লার ভাগাড়ে নিয়ে জব্দ করা সব আম সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যারা কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























