ঢাকা মেডিকেলে আশাশুনির ভাটা শ্রমিক আঃ গনির পাশে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
- আপডেট সময় : 10:09:38 pm, Saturday, 25 April 2026 100 300 বার পড়া হয়েছে

এস.এম. মোস্তাফিজুর রহমান:“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই প্রবাদকে বাস্তবে রূপ দিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। তিনি অসহায় ভাটা শ্রমিক মোঃ আব্দুল গনির চিকিৎসা ব্যবস্থা ও আর্থিক সহায়তা প্রদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা যায়, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাসিন্দা মোঃ আব্দুল গনি পেশায় একজন দিনমজুর। জীবিকার তাগিদে তিনি রাজধানীর ধামরাই এলাকায় একটি ইটভাটায় কাজ করতেন। কর্মরত অবস্থায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তার বাম হাত মেশিনের ভেতরে ঢুকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যরা এমপি মুহাদ্দিস রবিউল বাশারের সঙ্গে যোগাযোগ করলে তিনি দ্রুত উদ্যোগ নেন। আহত গনিকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়।
এমপি মহোদয় নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। তিনি হাসপাতালের পরিচালকের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের ঘাটতি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
শুক্রবার তিনি নিজে হাসপাতালে গিয়ে আহত আব্দুল গনিকে দেখতে যান। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য পরিবারের হাতে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা তুলে দেন।
আহত গনির পরিবার এমপির এই আন্তরিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এমপি মহোদয়ের এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) মোঃ শরিফুল ইসলাম, পুত্র মুজাহিদুল ইসলামসহ অন্যান্যরা।





























