জাতীয় পুষ্টি সপ্তাহে লিডার্সের উদ্যোগে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ
- আপডেট সময় : 09:41:08 pm, Thursday, 23 April 2026 123 300 বার পড়া হয়েছে

এসকে এম মনির, কালিগঞ্জ প্রতিনিধি:জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) লিডার্সের আয়োজনে স্থানীয় ২০ জন শিশুকে কুকিং ডেমোর মাধ্যমে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালিও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পারিবারিক পর্যায়ে শিশুদের অপুষ্টি দূর করতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি।
লিডার্সের উদ্যোগে দাতা সংস্থা গেইন-এর সহযোগিতায় “ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (CALL)” প্রকল্পের আওতায় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার মোট ২৪টি ইউনিয়নে কৃষি উন্নয়ন ও পুষ্টি বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন কুশলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোসা. তাহমিনা পারভীন, ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ, ইউনিয়ন ক্লাইমেট জাস্টিস গ্রুপের সদস্য সৌরভ সরকার, প্রকল্প সমন্বয়কারী মো. ফজলুর রহমান, প্রজেক্ট অফিসার সুব্রত কুমার গাইন, ফিল্ড ফ্যাসিলিটেটর মোসলেমা পারভীন, সুমন ঢালী ও তৃষা দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।






























