ঘেরের বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : 06:39:27 pm, Tuesday, 21 April 2026 101 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজীপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মাজেদ মিস্ত্রী (৫০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে একটি মাছের ঘেরে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মাজেদ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ঘেরে বিদ্যুৎ সংযোগ ও মেরামতের কাজ করে আসছিলেন। ঘটনার দিন সকালে তিনি হাজীপুর গ্রামের একটি মাছের ঘেরে বিদ্যুৎ লাইনের সংযোগ বা মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনা বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন। স্থানীয়দের দাবি, ঘের এলাকায় বিদ্যুৎ ব্যবহারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।
























