আশাশুনিতে ১০ গ্রামের মানুষের একমাত্র সাঁকো নদীতে ভেসে গেল, এমপি রবিউল বাশারের পরিদর্শন
- আপডেট সময় : 10:02:07 pm, Saturday, 18 April 2026 106 300 বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি:সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষের পারাপারের একমাত্র কাঠের সাঁকো মরিচ্চাপ নদীতে জোয়ারের স্রোতে ভেসে গেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
জানা যায়, শোভনালী ইউনিয়নের বাঁকড়া ও বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত মরিচ্চাপ নদীর ওপর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে একটি কংক্রিট ব্রিজ নির্মিত হয়েছিল। তবে নদী খননের পর প্রায় ৩-৪ বছর আগে ওই ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে সাময়িকভাবে পারাপারের জন্য একটি কাঠের সাঁকো নির্মাণ করা হয়।
এই সাঁকোটি দিয়ে বুধহাটা, পাইথালী, ব্যাংদহা, গাজীরমাঠ, কামালকাটি হাটসহ আশপাশের এলাকার মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচল করত। তবে গত শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে প্রবল স্রোতের কারণে সাঁকোটি সম্পূর্ণভাবে ভেঙে নদীতে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে ভেসে যায়।
খবর পেয়ে শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী বাপ্পী কুমার দাশ, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি রবিউল বাশার জেলা প্রশাসকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এবং দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সভায় সিদ্ধান্ত হয়, সাময়িক কাঠের সাঁকো পুনঃনির্মাণে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করা হবে। পাশাপাশি ২-৩ দিনের মধ্যে সম্ভাব্য ব্যয় ও স্টিমেট প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হয়।





























