জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : 11:39:04 pm, Sunday, 12 April 2026 100 300 বার পড়া হয়েছে

সাইদুল বাসার, সাতক্ষীরা:‘জুলাই জাতীয় সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। রোববার (১২ এপ্রিল) বিকেলে জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি থেকে অবিলম্বে জনগণের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আল্টিমেটাম দেওয়া হয়।
বিকাল সাড়ে ৩টায় শহরের আমতলা গণমুখী মাঠ থেকে কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক—নারকেলতলা মোড়, আসিফ চত্বর, কোর্ট মোড়, নিউমার্কেট মোড় ও পাঁকা পুল হয়ে নাজমুল সরণি প্রদক্ষিণ করে। পরে পুনরায় আমতলা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সদর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,
“দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এই গণরায় নিয়ে কোনো ধরনের তালবাহানা মেনে নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “জনগণের মতামত উপেক্ষা করে কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন,
“নির্বাচনের অল্প সময়ের মধ্যেই সরকার জনস্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে। ৭১ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করে কেউ দায় এড়াতে পারবে না।”
সমাবেশে বক্তারা ব্রিটিশ আমলের পুরনো আইন বাতিল করে জুলাই আন্দোলনের চেতনার আলোকে নতুন আইন প্রণয়ন ও শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।
জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—
জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হাসান, শেখ নুরুল হুদা, শহর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আ. সবুর, সহকারী সেক্রেটারি মাওলানা মো. হাবিবুল রহমান, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান, হাসিবুল রহমান রুম্মান, এবি পার্টির জেলা সদস্য সচিব সালাউদ্দিন শাকিল এবং এনসিপি নেতা কামরুজ্জামান বুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা ঘোষণা দেন, জনগণের ভোটাধিকার ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।


























