সাতক্ষীরায় পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, ৩০০ টাকার বেশি তেল মিলছে না
- আপডেট সময় : 12:22:36 am, Friday, 6 March 2026 222 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, : খুলনা ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না হওয়ায় সাতক্ষীরার বিভিন্ন পেট্রোল পাম্পে তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়ার সীমা নির্ধারণ করেছে পাম্প কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে জেলার বিভিন্ন পাম্পে এ কোটা ব্যবস্থা কার্যকর করা হয়। এর আগের দিন বুধবার সন্ধ্যা থেকেই শহর ও আশপাশের এলাকার পাম্পগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের দীর্ঘ লাইন দেখা যায়।
পাম্প মালিকরা জানান, খুলনা ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না পাওয়ায় সীমিত মজুদ দিয়ে পরিস্থিতি সামাল দিতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যাতে যত বেশি গ্রাহক সম্ভব তেল পেতে পারেন, সে জন্যই সাময়িকভাবে এই সীমা নির্ধারণ করা হয়েছে।
সাতক্ষীরা শহরের এবি খান পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী তাছিন কবীর খান বলেন, চাহিদার তুলনায় তেলের সরবরাহ কম হওয়ায় বাধ্য হয়ে মোটরসাইকেল প্রতি সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে।
তবে সরকারের আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই পাম্প কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে সাধারণ চালকদের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক মোটরসাইকেল চালক জানান, ৩০০ টাকার তেল দিয়ে প্রয়োজনীয় দূরত্ব অতিক্রম করা সম্ভব হচ্ছে না, ফলে তাদের কাজে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
চালকদের দাবি, দ্রুত পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
























