আশাশুনিতে ৪ দোকানে ভয়াবহ আগুন, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
- আপডেট সময় : 09:35:27 pm, Tuesday, 17 February 2026 229 300 বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে আকস্মিক অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি ব্রিজের দক্ষিণ পাশে বাসস্ট্যান্ড এলাকায় মুদি ও চা-পান ব্যবসায়ী মুজিবুর রহমানের “মুকুল স্টোর”-এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বকুল মোড়ল, রাজু আহমেদ ও রজব আলীর দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১২ জন ফায়ার ফাইটার প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে মুকুল স্টোর সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশের তিনটি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
দোকান মালিকদের দাবি অনুযায়ী, মুকুল স্টোরে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা, বকুল মোড়লের ১ লক্ষ টাকা, রাজু আহমেদের ১ লক্ষ ২০ হাজার টাকা এবং রজব আলীর ৫০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আশাশুনি ফায়ার স্টেশনের লিডার মিজানুর রহমান জানান, “আমাদের ১২ সদস্যের দল প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে প্রাথমিকভাবে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতির ধারণা করা হচ্ছে।”
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
























