দায়িত্বশীলতার সঙ্গে সাতক্ষীরার উন্নয়ন গড়বো: নবনির্বাচিত এমপি আ. খালেক
- আপডেট সময় : 10:46:50 pm, Saturday, 14 February 2026 247 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, দুনিয়ার প্রতিটি দায়িত্ব ও কাজের হিসাব একদিন পরকালে দিতে হবে। তাই আমাদের প্রত্যেককে দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করতে হবে।
শনিবার বিকেলে দেবহাটার উত্তর পারুলিয়ায় নির্বাচন-পরবর্তী উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দলীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
তিনি আরও বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। আমি যতদিন দায়িত্বে থাকবো, মহান আল্লাহ যেন মানুষের কল্যাণে সঠিকভাবে কাজ করার তৌফিক দেন। আমার কোনো লোভ-লালসা নেই। সাতক্ষীরা-২ আসনের সমস্যাগুলো চিহ্নিত করে ধারাবাহিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।”
তিনি বলেন, “আমার কাছে কোনো ঘুষ বা বিশেষ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন, ততটুকুই কাজ করা হবে। এমপি মানে আপনারাই এমপি। আমার কাছে আসতে কোনো মাধ্যমের প্রয়োজন নেই।”
তিনি আরও জানান, খুব শিগগিরই রাষ্ট্রীয়ভাবে শপথ গ্রহণ করে জনগণের মাঝে ফিরে এসে সেবা কার্যক্রম শুরু করবেন। এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























