সাতক্ষীরার চার আসনে জামায়াতের জয়: উন্নয়নের রোলমডেল গড়ার প্রত্যয়
- আপডেট সময় : 11:27:04 pm, Friday, 13 February 2026 278 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: অবকাঠামো ও রাস্তাঘাটের উন্নয়নসহ সার্বিক অগ্রগতির মাধ্যমে সাতক্ষীরাকে উন্নয়নের রোলমডেলে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা।
সাতক্ষীরা জেলার চারটি আসনে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হওয়ায় দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “দলমত নির্বিশেষে কে আমাদের ভোট দিয়েছেন আর কে দেননি—সে প্রশ্ন আমাদের কাছে মুখ্য নয়। আমরা সকলকে নিয়ে ৫৪ বছরের পিছিয়ে পড়া, অধিকার বঞ্চিত সাতক্ষীরার অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করবো, ইনশাল্লাহ।”
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার বিজয়ী চার সংসদ সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, অধ্যাপক ওবায়দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, শহর শিবিরের সভাপতি আল মামুনসহ দলীয় নেতৃবৃন্দ।
আসনভিত্তিক ফলাফল
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া):
এই আসনে জামায়াতের মুহাঃ ইজ্জত উল্লাহ ১৬৯টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) ফলাফলে ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট পেয়ে ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা):
জামায়াত নেতা মুহাদ্দিস আবদুল খালেক ১৮১টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মো. আবদুর রউফের চেয়ে ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ):
এই আসনে জামায়াতের হাফেজ মুহা. রবিউল বাসার ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহিদুল আলম পান ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট। রবিউল বাসার ৭৮ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে জয়ী হন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর):
জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ৯৭টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মনিরুজ্জামান পান ৮৫ হাজার ৪২৬ ভোট। তিনি ২১ হাজার ৪৮৭ ভোটের ব্যবধানে জয়ী হন।
নবনির্বাচিত সংসদ সদস্যরা বলেন, উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে তাদের অগ্রাধিকার। সাতক্ষীরাকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত জেলায় রূপান্তর করতে সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে।
























