সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করতে বিশাল নির্বাচনী জনসভা
- আপডেট সময় : 08:09:39 pm, Monday, 2 February 2026 305 300 বার পড়া হয়েছে

ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফিংড়ী ইউনিয়নবাসীর আয়োজনে গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই জনসভায় ফিংড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“স্বাধীনতাবিরোধী চক্র দাজ্জালের ফিতনা সৃষ্টি করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বেহেশতের প্রলোভন দেখাচ্ছে, কিন্তু বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ। আমল ঠিক না থাকলে কেউ বেহেশতে যেতে পারবে না। এসব প্রলোভনে পা না দিয়ে ধানের শীষকে বিজয়ী করুন।”
তিনি আরও বলেন,
“একটি দল নির্বাচনে জয়ের আশায় অপপ্রচার চালাচ্ছে এবং অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। এসব অপতৎপরতা থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। ধানের শীষ বিজয়ী হলে ইনশাআল্লাহ সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং বন্ধ হয়ে যাওয়া সুন্দরবন টেক্সটাইল পুনরায় চালু করা হবে।”
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল সাধু, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, ফিংড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুন্নবী খান বিকু, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, জেলা ছাত্রদল নেতা আতাউর রহমান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষ প্রতীক, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারপারসন তারেক রহমানের ছবি সংবলিত টি-শার্ট, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন। বিকাল তিনটার আগেই গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ জনসভাস্থলে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক গগনবিদারী স্লোগানের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিংড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তারুল ইসলাম।


























