সাতক্ষীরায় ধানের শীষ জয়ী হলে গণতন্ত্র জয় লাভ করবে — কুলিয়ার জনসভায় আব্দুর রউফ
- আপডেট সময় : 11:24:10 pm, Sunday, 1 February 2026 126 300 বার পড়া হয়েছে

ওমর ফারুক বিপ্লব : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে কুলিয়া বাজারে অনুষ্ঠিত এই জনসভায় কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন,
“আমি নির্বাচিত হলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন করবো। আমার নির্বাচনী এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। প্রতিটি নাগরিকের মৌলিক সেবা নিশ্চিত করা হবে। ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়।”
তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং বাংলাদেশকে উন্নয়নের সঠিক পথে পরিচালিত করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন,
“হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপির শাসনামলে সম্পূর্ণ নিরাপদ থাকবেন। আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন।”
আব্দুর রউফ বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে সেই গণতন্ত্রই পুনরুদ্ধার হবে। বিএনপি সকল ধর্ম ও মতের মানুষের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। সে লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, সাবেক যুবদল নেতা হাবিবুল ইসলাম মন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবনেতা ও ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়ামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত টি-শার্ট, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। বিকাল তিনটার আগেই জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর গগনবিদারী স্লোগানের মধ্য দিয়ে জনসভাস্থলে প্রবেশ করেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা।
























