যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন
- আপডেট সময় : 08:50:10 pm, Saturday, 24 January 2026 210 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক ইকরামুল ইসলাম–এর ওপর নকল ও ভেজাল সার ব্যবসায়ী সিন্ডিকেটের হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নকল ও ভেজাল সার সিন্ডিকেটের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ইকরামুল ইসলামের ওপর সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জেলার কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম–এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, এনটিভির এস এম জিন্নাহ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, ডিবিসির বেলাল হোসেন, স্টার নিউজের গাজী ফারহাদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বক্তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা এলাকায় কুল্যা ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ গাজী অবৈধভাবে ২৬টির বেশি নকল ও ভেজাল সার গুদাম গড়ে তুলেছেন। তার স্ত্রী ও দুই পুত্রের নামে বাংলাদেশ সার উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বিসিআইসির পাঁচটি লাইসেন্স ব্যবহার করে দীর্ঘদিন ধরে এ সিন্ডিকেট পরিচালিত হচ্ছে।
নকল সার সংক্রান্ত অনুসন্ধানে গেলে সাংবাদিক ইকরামুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে আরও বলা হয়, ভেজাল সার বাজারজাতকরণের পাশাপাশি সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কৃষি বিভাগের একটি অংশ এ সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এমনকি আশাশুনি উপজেলার কৃষি কর্মকর্তা ওই এলাকায় ভেজাল সার বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন বলেও অভিযোগ তোলা হয়।
বক্তারা বলেন, গত ১৫ জানুয়ারি সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কৃষি বিভাগ কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ভেজাল সার বিক্রির কারণে কৃষকরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন।
মানববন্ধন থেকে সাংবাদিকরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে হামলাকারী মাজেদ গাজী ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং নকল সার সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে জেলার সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।






























