ধানের শীষে ভোট চেয়ে সাতক্ষীরা-৩ আসনে আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন কাজী আলাউদ্দীন
- আপডেট সময় : 08:27:49 pm, Thursday, 22 January 2026 196 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইনস্টিটিউট কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভা থেকে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তিনি নির্বাচনের মাঠে নেমেছেন।
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করবো। এবারের নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ। এজন্য দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
২০০১ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে কাজী আলাউদ্দীন বলেন, “আমি অতীতে সংসদ সদস্য হিসেবে এই অঞ্চলের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, বিদ্যুৎ ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেছি। সে কারণেই মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। পুনরায় নির্বাচিত হলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো শেষ করবো ইনশাল্লাহ।”
তিনি ধর্মকে পুঁজি করে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমি নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো স্থান এই এলাকায় থাকবে না। বিগত ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে এ অঞ্চলের কোনো প্রকৃত উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে লুটপাট করে তারা দেশ ছেড়ে পালিয়েছে। তাই দল-মতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন ও শান্তির স্বার্থে ধানের শীষে ভোট দিন।”
কালিগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য রমিজ উদ্দিন রুমি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাসক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জিএম রবিউল্লাহ বাহারসহ আরও অনেকে।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক জনসভায় উপস্থিত ছিলেন। ধানের শীষের প্রথম জনসভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।জনসভা উপলক্ষে সকাল থেকেই কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের হ্যান্ডবিল বিতরণ করা হয় এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দীন।
























